ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহীর দ্বিতীয় ধাপে তিনটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পৌরসভা গুলো হলো জেলার গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট এবং বাঘা উপজেলার আড়ানী এবং বাগমারা উপজেলার ভবারিগঞ্চ। তবে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুর রাজ্জাক।
বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুর রাজ্জাক গনমাধ্যমকে বলেন, শহীদ সেকেন্দার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তার নিজের ভোট কেন্দ্রে নৌকার সমর্থকরা ভোট দিতে বাধা দিয়েছে। নির্বাচন চলাকালিন সময়ে শনিবার সকাল সাড়ে ১০টায় বিএনপির পৌর মেয়র পদ প্রার্থী তার নিজ বাড়িতে সাংবাদিকদের সামনে ভোট বর্জনের ঘোষণা দেয়। এদশের ইতিহাসে কোথাও এমন হয়নি যে প্রার্থী তার নিজের ভোট দিতে পারে না। কোন কেন্দ্রে বিএনপি প্রার্থীর এজেন্ট নেই। সবাইকে বের করে দেওয়া হয়েছে। যখন ভোট দিতে যান তখন কেন্দ্রে তাকে লাঞ্ছিতও করা হয়েছে। যার কারনে তিনি ভোট বর্জন করছেন।
বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুর রাজ্জাকের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান মেয়র আবদুল মালেক বলেন, ভোট যা হওয়ার হয়ে গেছে। এখন ভোট বর্জন করে কোন লাভ নেই। সকল কেন্দ্রে বিএনপির এজেন্ট আছে। শুনলাম ১৫-২০ জন নিয়ে গিয়ে বিএনপি প্রার্থী ভোট দিয়েছেন। এখন নিশ্চিত পরাজয় দেখে হয়ত ভোট বর্জন করছেন।
ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচনে ব্যালটে ভোট গ্রহণ করা হচ্ছে। মেয়র পদে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থী ছাড়া অন্য দুইজন হলেন- স্বতন্ত্র এসএম মামুনুর রশীদ (আওয়ামী লীগের বিদ্রোহী) এবং কামাল হোসেন। কামালের প্রতীক নারিকেল গাছ এবং মামুনুর রশীদের প্রতীক জগ।
