ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী থেকে : ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী খুলনা, সিলেট, দিনাজপুর ও রংপুর এর সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রকল্পের আওতায় প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ইনমাস রাজশাহীর নবনির্মিত ভবন ও অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে।
ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) রাজশাহীর নবনির্মিত ভবন ও অত্যাধুনিক যন্ত্রপাতির উদ্বোধন করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান। ফিতা কেটে বুধবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ (ইনমাস) রাজশাহীর নবনির্মিত ভবন ও অত্যাধুনিক যন্ত্রপাতির উদ্বোধন করেন তিনি। এ সময় সাথে ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। উদ্বোধন শেষে ভবন ও ভবনে স্থাপিত অত্যাধুনিক যন্ত্রপাতি পরিদর্শন করেন মন্ত্রী ও মেয়র মহোদয়। এ সময় ইনমাস রাজশাহীর পরিচালক অধ্যাপক ডা. মোস্তফা শামীম আহসান, প্রকল্প পরিচালক ড. মোঃ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
অপরদিকে মহানগরীর চৌদ্দপাই ফায়ার সার্ভিস মোড় হতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার রাজশাহীর পাশ দিয়ে মিজানের মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণের উদ্যোগ গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। এ উপলক্ষ্যে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগারের পাশে সড়ক ও ভেতরের জায়গা পরিদর্শন করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বুধবার সকাল সাড়ে ১০টায় জায়গাটি পরিদর্শনে করেন তাঁরা। পরিদর্শনকালে সড়ক প্রশস্তকরণে রাজশাহী সিটি কর্পোরেশনকে সহযোগিতা করার আশ^াস দেন মন্ত্রী।
পরে রাজশাহীতে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার পরিদর্শন করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বুধবার সকাল সাড়ে ১১টায় শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়খানার ভেতরে নির্মাণাধীন নভোথিয়েটার পরিদর্শনকালে প্রকল্পের অগ্রগতি সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন মন্ত্রী। এ সময় সাথে ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। পরিদর্শনকালে প্রকল্পের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম সরকার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১২ সালের ৯ জানুয়ারি রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন রাজশাহীতে নভোথিয়েটার স্থাপনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে চিঠি দেন। মূলত এরপর থেকেই শুরু নভোথিয়েটারের স্বপ্নযাত্রা। সংশ্লিষ্টরা জানায়, ২২২ কোটি তিন লাখ টাকা ব্যয় ধরে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, রাজশাহী স্থাপন’ প্রকল্পটি হাতে নিয়েছিল রাজশাহী সিটি করপোরেশন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এই প্রকল্পটি এখন বাস্তবায়ন করছে গণপূর্ত অধিদফতর। নভোথিয়েটারে আধুনিক প্রযুক্তির ডিজিটাল প্রজেক্টর সিস্টেমযুক্ত প্ল্যানেটরিয়াম, সায়েন্টিফিক অ্যান্ড ডিজিটাল এক্সিবিটস, ফাইভ-ডি সিমিউলেটর থিয়েটার, টেলিস্কোপ, কম্পিউটারাইজড টিকেটিং অ্যান্ড ডেকোরেটিং সিস্টেমসহ নানা সুবিধা থাকবে। ভবন নির্মাণ শেষ হলে দ্রুত অন্যান্য যন্ত্রাংশ সংযোজন হবে নভোথিয়েটারে।
পরিদর্শনকালে রাসিকের রাসিকের প্রধান নির্বাহী কর্মকতা ড. এবিএম শরীফ উদ্দিন, মাননীয় মেয়রের একান্ত সচিব মো. আলমগীর কবির, সচিব মশিউর রহমান, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, ইঞ্জিনিয়ারিং এ্যাডভাইজার আশরাফুল হক, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট গোলাম মুর্শেদ, সার্ভেয়ার মো. রক্তাভো রহমান রোকন স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
