×

ভাস্কর্য ইস্যুতে আলেমরা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ ইস্যুতে ৫ দফা দাবি নিয়ে আলেমরা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছেন।

তবে আলোচ্য বিষয়ে নিজেদের সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছেন আলেমরা।

ভাস্কর্য যে উদ্দেশ্যেই তৈরি হোক না কেন তা ইসলামে নিষিদ্ধ বলে মত দিয়েছেন কওমি আলেম ও ধর্মভিত্তিক দলের নেতারা।

ভাস্কর্যের পরিবর্তে আল্লাহর ৯৯ নামখচিত মুজিব মিনার করার প্রস্তাব দিয়েছেন আলেমরা।

আজ শনিবার সকালে রাজধানীর যাত্রাবাড়ি মাদরাসায় ভাস্কর্য ইস্যুতে করণীয় শীর্ষক বৈঠক শেষে পাঁচ দফা প্রস্তাব গৃহীত হয়। যা প্রধানমন্ত্রীর কাছে জমা দেয়া হবে বলে জানানো হয়েছে।

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ ইস্যুতে গত কয়েকদিন ধরেই সরগরম দেশ। আওয়ামী লীগসহ প্রগতিশীলদের দাবি যে কোন মূল্যে তৈরি হবে জাতির জনকের ভাস্কর্য। অপরদিকে ধর্মভিত্তিক দলগুলো চাইছে কোন অবস্থাতেই নির্মাণ করতে দেয়া হবেনা ভাস্কর্য।

ভাস্কর্য ইস্যুতে কি করণীয় তা নির্ধারণ করতে বৈঠকের ডাক দেয় কওমি মাদ্রাসার সম্মিলিত শিক্ষা বোর্ড আল হাইয়্যাতুল উলিয়া লিল জামিয়াতিল কাওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান।

সভায় যোগ দেন দেশের নানা প্রান্ত থেকে আসা কওমি আলেম ও বিভিন্ন ধর্মভিত্তিক দলের নেতারা।
 
প্রায় চার ঘণ্টা ধরে চলে আলেমদের আলোচনা। বৈঠক শেষে মুফতি মিজানুর রহমান বলেন,’ভাস্কর্য আর মূর্তি এই দুটোর মধ্যে কোন পার্থক্য নেই। ইসলামী বিধানমতে ছবি মাত্রই হারাম।

যেটা পূজা করা হয়, সেটা শিরীক, সেটা জঘণ্য আর যেটা পূজা করা হয় না, সেটাও হারাম। ‘

এসময় বিশ্বের মুসলিম প্রধান বিভিন্ন দেশে ভাস্কর্য থাকলেও তাকে উদাহরণ হিসেবে দেখতে নারাজ আলেমরা।
এ বিষয়ে গণমাধ্যম কর্মীরা জানিয়ে মতামত জানতে চাইলে তারা বলেন, কুরআন ও হাদিসে যা বলা আছে তা থেকে একবিন্দুও সরবেনা তারা।

তবে, বিকল্প প্রস্তাব হিসেবে আল্লাহর ৯৯ নামখচিত মুজিব মিনার করার প্রস্তাব রাখেন আলেমরা।

এসময় পাঁচ দফা দাবি নিয়ে আলেমরা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছেন।