নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের ব্রিকফিল্ড এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের সদস্য নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম জ্বলন্ত চাকমা (৩৫)। তিনি মোটরসাইকেলযোগে পুনর্বাসন চাকমা পাড়া থেকে বান্দরবানে আসার পথে ব্রিকফিল্ড এলাকায় পৌঁছলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় অপর একজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে; তবে তার নাম জানা যায়নি। এ ঘটনার পর ওই এলাকায় সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা গিয়েছে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি।
টঙ্কাবতী বনবিভাগের রেঞ্জ অফিসার মোহাম্মদ মাইনুদ্দিন জানিয়েছেন, ঘটনার পর ব্রিক ফিল্ড এলাকায় মোটরসাইকেলসহ রাস্তার পাশে পড়ে রয়েছে নিহতের মরদেহ।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
