×

বরিশালে মেয়র পদে আ’লীগের আবুল খায়ের জয়ী

নিজস্ব প্রতিবেদক: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ। বরিশালে তিনি খোকন সেরনিয়াবাত নামে বেশি পরিচিত। ১২ জুন ইভিএমে অনুষ্ঠিত নির্বাচনে মোট ১২৬ কেন্দ্রের ফলাফলে তিনি নৌকা প্রতীক নিয়ে ৮৭ হাজার ৮০৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৮২৮ ভোট।

সোমবার (১২ জুন) রাত সোয়া ৯টায় বরিশাল শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে নির্বাচনী ফলাফল ঘোষণা কেন্দ্র থেকে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির।

এছাড়াও স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপন টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৯৯৯ ভোট, জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস লাঙল প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৬৬৫ ভোট, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫৪৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী আলী হোসেন হরিণ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩৮১ ভোট ও আসাদুজ্জামান হাতি প্রতীকে পেয়েছেন ৫২৯ ভোট।

হলফনামায় আবুল খায়ের আব্দুল্লাহ
৬৬ বছর বয়সী প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ তার আয়ের প্রধান উৎস দেখিয়েছেন ব্যবসা। অংশীদারি প্রতিষ্ঠান ইউনিয়ন এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তিনি। এটি জাহাজের মালামাল বোঝাই ও জাহাজ থেকে মালামাল খালাস করার কাজে নিযুক্ত লোকবল সরবারহকারী প্রতিষ্ঠান।

এছাড়া অ্যাপার্টমেন্ট ভাড়া দিয়ে বার্ষিক আয় করেন ৭ লাখ ৮৩ হাজার ১৫০ টাকা, যা প্রার্থীর ওপর নির্ভরশীলদেরও আয় হিসেবে দেখিয়েছেন। ব্যাংক আমানত থেকে আয় ২ লাখ ৭৫ হাজার ৫৭২ টাকা।
নিজের নামে নগদ জমা রয়েছে ২ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৮৭২ টাকা। স্ত্রীর নামে রয়েছে ১ কোটি ৩৫ লাখ ৮৪ হাজার পাঁচ টাকা। আর্থিক প্রতিষ্ঠানে আবুল খায়ের আব্দুল্লাহর নামে রয়েছে ২ লাখ ৭৫ হাজার ৫৭২ টাকা, স্ত্রী লুনা আব্দুল্লাহর নামে রয়েছে ১২ হাজার ৩৯৭ টাকা। শেয়ার মালিক রয়েছেন ২০ লাখ টাকা।

এছাড়া নিজের ও স্ত্রীর নামে একটি করে গাড়ি রয়েছে। যেখানে নিজের গাড়ির মূল্য দেখানো হয়েছে ৩১ লাখ এবং স্ত্রীর ৪৯ লাখ টাকা। প্রার্থী নিজে ১০ ভরি ও স্ত্রী লুনা আব্দুল্লাহ ২০ ভরি স্বর্ণের মালিক, যা সবই উপহার হিসেবে পেয়েছেন।

আবুল খায়ের আব্দুল্লাহ ৩ লাখ ২৫ হাজার ও স্ত্রী ৫০ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রীর মালিক।
আসবাবপত্রের অর্থমূল্যও দেখানো হয়েছে ২ লাখ ৫৪ হাজার এবং স্ত্রী ২ লাখ ৫০ হাজার। লাইসেন্সকৃত একটি এনপিবি পিস্তল ও একটি শর্টগানের মালিক তিনি।

তিনটি ভবনের মালিক আবুল খায়ের আব্দুল্লাহ। এর মধ্যে খুলনায় ৪০ লাখ টাকা সমমূল্যের চারতলা দালান, ধানমন্ডিতে ১৮ লাখ ৬০ হাজার টাকা সমমূল্যের একটি অ্যাপার্টমেন্ট ও উত্তরায় ছয়টি অ্যাপার্টমেন্টের মূল্য দেখানো হয়েছে ১৪ লাখ টাকা।