×

বনানীতে চিরনিদ্রায় শায়িত ড. ইনামুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সর্বস্তরের মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ অধ্যাপক ড. ইনামুল হক।
দুই দফা জানাজা শেষে আজ মঙ্গলবার তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

এর আগে সকালে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ড. ইনামুল হকের মরদেহ শহীদ মিনার প্রাঙ্গণে নেয়া হয়।

সেখানে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মীদের শ্রদ্ধার ফুল আর বন্ধু-স্বজনদের অশ্রুমাখা ভালোবাসায় শিক্ত হয়ে চিরবিদায় নিলেন একুশে পদকপ্রাপ্ত এই নাট্যজন।

ইনামুল হকের দুই মেয়ে হৃদি হক ও প্রৈতি হক, তাদের জামাতা অভিনেতা লিটু আনাম ও সাজু খাদেমও উপস্থিত ছিলেন শহীদ মিনারে।

এর আগে ড. ইনামুল হকের প্রথম জানাজা সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বেইলি রোডে তার নিজ বাসায় অনুষ্ঠিত হয়।

এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় তার মরদেহ নেয়া হয় শিল্পকলা একাডেমিতে। সেখানে শিল্পী এবং তার দীর্ঘদিনের সহকর্মীরা তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

গতকাল সোমবার দুপুরে ড. ইনামুল হক ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

১৯৪৩ সালে ফেনী সদরের মটবী এলাকায় জন্ম নেন ড. ইনামুল হক। বাবার নাম ওবায়দুল হক ও মা রাজিয়া খাতুন। দাম্পত্য সঙ্গী নাট্যজন লাকী ইনাম। তাদের সংসারে দুই মেয়ে হৃদি হক ও প্রৈতি হক।

নাট্যজগতে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১২ সালে ড. ইনামুল হক একুশে পদক লাভ করেন। ২০১৭ সালে তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে সরকার।