ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের বস্ত্র ও খাবার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ২টায় জামেয়া ইসলামিয়া শাহ মখদুম মাদ্রাসার তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে উন্নতমানের বস্ত্র ও খাবার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান উপ-কমিটির সহযোগিতায় এই বস্ত্র ও খাবার বিতরণ করা হয়। বস্ত্র ও খাবার বিতরণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দ, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
একইভাবে রাজশাহীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানের শুরুতে জাতির পিতার জন্মদিন উপলক্ষ্যে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী বিভাগীয় কমিশনার, রাজশাহী জেলা প্রশাসক ও অন্যান্য দপ্তর প্রধানগণ। সকালে জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে রাজশাহী বিভাগীয় কমিশন্ার ড. মোঃ হুমায়ুন কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিততে শিশুদের নিয়ে কেক কাটেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডিআইজি মোঃ আব্দুল বাতেন, পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক, পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন ও বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান রাজা বক্তৃতা করেন। আলোচনা শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
