×

দেওয়ানগঞ্জ পৌর মেয়রকে দলীয় পদ থেকে অব্যাহতি

জামালপুর,রাজন্য রুহানি: জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহান শাহকে উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভেঙে ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগে তাকে দল থেকে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।

জানা গেছে, স্থানীয় শহীদ মিনারে বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহকে থাপ্পড় মারেন ওই মেয়র। এ ঘটনায় তার বিরুদ্ধে ওইদিনই থানায় মামলা হয়।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারার অভিযোগ অস্বীকার করে পৌর মেয়র বলেন, ওই কর্মকর্তা সাবেক শিবির ও বিএনপির নেতা ছিলেন। তার ছোট ভাই বর্তমানে জামালপুর জেলা জামায়াতের নায়েবে আমীর। আমাকে ফাঁসাতে তিনি পরিকল্পিতভাবে মিথ্যা ও বানোয়াট মামলা করেছেন।

এদিকে, পৌর মেয়রের বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে দেওয়ানগঞ্জ পৌর পরিষদ।

অপরদিকে, মেয়রের শাস্তির দাবিতে শিক্ষক সমিতির ব্যানারে মানববন্ধন করেছে স্থানীয় শিক্ষককদের একাংশ।