নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদযাত্রায় ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
শুক্রবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্স জামে মসজিদে পুলিশের বার্ষিক আজান ও কেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আইজিপি বলেন, ঈদে ট্রেনের ছাদে যাত্রীদের ভ্রমণের বিষয়ে বিরত রাখতে রেলওয়ে কর্তৃপক্ষকে সর্বাত্মক সহায়তা করা হবে।
ঈদযাত্রায় নির্বিঘ্ন করতে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে জানিয়ে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, রাস্তায় হাইওয়ে পুলিশসহ গোয়েন্দা সংস্থাগুলোর টিমও কাজ করবে।
তিনি বলেন, আমরা যে ব্যবস্থা নিয়েছি তাতে যথা সময়ে মানুষ ঈদে বাড়িতে যেতে পারবেন।
ঈদযাত্রার জন্য প্রতিবছর পুলিশ যে ব্যবস্থা করে থাকে এবারো তা গ্রহণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যখন সারাদেশে অনেক প্রতিবন্ধকতা ছিল, যখন পদ্মা সেতু ছিল না, চন্দ্রার মোড়ে যখন একটি মাত্র রাস্তা দিয়ে যাতায়াত করতে হতো, তখন পুলিশ সদস্যরা রাত-দিন পরিশ্রম করে ঈদযাত্রা নির্বিঘ্ন করতেন। বর্তমান সরকারের বহুমুখী উন্নয়নমূলক কার্যক্রমের ফলে ঈদযাত্রার যানজট থেকে স্বস্তি মিলেছে। এখন আর কাউকে কষ্ট করতে হবে না।
পুলিশপ্রধান আরো বলেন, ঈদের আগে একদিন যে ছুটি ঘোষণা করেছে সরকার, এতে করে এবার ঈদযাত্রার চাপটা কিছুটা হলেও কমবে।
