×

টঙ্গীতে দুই কোটি টাকার রক্ত চন্দন কাঠসহ চোরাচালানি র‌্যাবের হাতে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী : গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় অভিযান চালিয়ে রক্ত চন্দন কাঠ চোরাচালানি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১এর সদস্যরা।

এসময় প্রায় সোয়া দুই কোটি টাকা মূল্যের রক্ত চন্দন কাঠ এবং কাঠ বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত নাজমুল হোসেন শামীম যশোর জেলার বেনাপোল থানার স’মিল পট্টি বাহাদুরপুর রোডের তরিকুল ইসলামের ছেলে।


র‌্যাব জানায়, রক্ত চন্দন কাঠ চোরাচালানি চক্রের সদস্যরা একটি চালান নিয়ে টঙ্গীর দিকে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা শনিবার রাতে টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী বাজারস্থ আরজু ম্যানশনের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অভিযান পরিচালনা করে।

এসময় চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য নাজমুল হোসেন শামীমকে গ্রেফতার করা হয়। এসময় ধৃত আসামীর ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৪ টি রক্ত চন্দন কাঠ (৩৮৪ কেজি), একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চন্দন কাঠের আনুমানিক মূল্য ০২ কোটি ১০ লক্ষ টাকা।


গ্রেফতারকৃত নাজমুল হোসেন র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানায়, সে পেশায় একজন ট্রাক ড্রাইভার। ট্রাক চালনার পাশাপাশি সে চোরাচালানকারী চক্রের সাথে জড়িয়ে পড়ে। এই চক্রটি দীর্ঘদিন যাবত অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে বিদেশ থেকে চোরাইকৃত রক্ত চন্দন কাঠ অবৈধ পথে দেশে নিয়ে এসে অসাধু ব্যবসায়ীদের নিকট উচ্চ মূল্যে বিক্রয় করে। উদ্ধারকৃত রক্ত চন্দন কাঠগুলো পার্শ্ববর্তী দেশ থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে এসে রাজধানীর অসাধু ব্যবসায়ীদের নিকট বিক্রয় করার কথা ছিল বলে ধৃত আসামী স্বীকার করে।