×

টঙ্গীতে ঝুট ও তুলার গুদামে অগ্নিকান্ড

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী : টঙ্গীর মিলগেট এলাকায় ঝুট ও তুলার একটি
গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা
ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রোববার রাত পৌনে ১০টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।


টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, মিলগেট এলাকায়
তিন তলা ভবনের নিচ তলায় কামাল হোসেনের ঝুট ও তুলার একটি গুদামে আগুন
লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে
প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির
পরিমাণ জানা যায়নি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে ভোরে দত্তপাড়া এলাকায় লেপ-তোষকের একটি দোকানে এক অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।


জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুভাস বাড়ই জানান, গাজীপুর
সিটি করপোরেশনের ভুরুলিয়া এলাকায় সোমবার ভোরে একটি বাড়িতে
অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা
ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনে ওই বাড়ির টিনশেডের তিনটি কক্ষ পুড়ে
গেছে।


এদিকে রাত ১টার দিকে জোড়পুকুর এলাকায় একটি বাজারে আগুন লাগে। আগুনে
মাছ, মুরগি ও সবজির পাঁচটি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার
সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে এসব ঘটনায় হতাহতের
কোনো ঘটনা ঘটেনি।