নিজস্ব প্রতিবেদক, টঙ্গী: গাজীপুরের টঙ্গীতে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি গুদামে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে অন্তত তিনজন আহত হয়েছেন। তাদেরকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে টঙ্গীর মিলগেট অলিম্পিয়া টেক্সটাইল মিলের ভিতরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি, উত্তরার ৩টি ও ঢাকা জোন-৩ এর একটিসহ সাতটি ইউনিট প্রায় ৭ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আজ শুক্রবার ভোর ৪ টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী আব্দুর রহমান বাবু জানান, রাত আনুমানিক নয়টার দিকে হঠাৎ করে ঝুট ব্যবসায়ী সবুজের গুদামে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী আরও তিনটি গুদামে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। এর আগে বিকেলে গুদামগুলোতে কয়েক ট্রাক ঝুট মালামাল সংরক্ষণ করা হয়। ধারণা করা হচ্ছে, দিনমজুরদের সিগারেটের আগুন কিংবা কয়েলের আগুন থেকে গুদামে আগুন লাগতে পারে।
ক্ষতিগ্রস্ত ঝুট ব্যবসায়ী সবুজ জানান, বৃহস্পতিবার গুদামে বিপুল সংখ্যক ঝুটের মালামাল মজুদ করা হয়। আগুনে গুদামে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, রাত ৯টায় হঠাৎ করেই অলিম্পিয়া মার্কেটের একটি ঝুটের গুদামে আগুন লাগে। মুহূর্তেই পাশের গুদামে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে টঙ্গী ও উত্তরাসহ ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ভোর ৪টা পর্যন্ত প্রায় সাত ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
