জামালপুর প্রতিনিধিঃজামালপুরে ৩ দফা দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন পরিবহন শ্রমিকরা। দাবি তিনটি হলো, স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে গণ পরিবহন ও পণ্য পরিবহন চলাচলের ব্যবস্থা করা, সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহয়তা প্রদান করা এবং টার্মিনালগুলোতে ১০টাকা কেজি ওএমএস এর চাল বিক্রির ব্যবস্থা চালু করা।
রোববার (২ মে) দুপুরে পৌর শহরের আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় ঘন্টা ব্যাপী এই বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।
ইউনিয়নের সভাপতি মাহবুব আনাম বাবলার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবুর সঞ্চলনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ইউনিয়নের কার্যকরী সভাপতি মোসাদ্দেক আলী মোহন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন প্রমুখ।
বিক্ষোভ সমাবেশ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীসহ চলমান লকডাউনে কর্মহীন শ্রমিকরা উপস্থিত ছিলেন।
