রাজন্য রুহানি ,জামালপুর: জামালপুরে প্রথম আলো’র জ্যেষ্ঠ প্রতিবেদক অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে কক্ষে আটকে রেখে হেনস্তা ও মিথ্যা মামলায় গ্রেপ্তারের ঘটনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মে) সকাল সাড়ে ১১ টায় জামালপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এই প্রতিবাদ সমাবেশ হয়।
প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আইয়ের সাংবাদিক হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এটিএন বাংলার সাংবাদিক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক সংবাদের সাংবাদিক সুশান্ত কুমার দে, বাংলাভিশনের সাংবাদিক জুলফিকার মো. জাহিদ হাবিব, ইত্তেফাকের সাংবাদিক হালিম দুলাল, দৈনিক সচেতনকণ্ঠের সম্পাদক বজলুর রহমান, চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক আনোয়ার ইসলাম মিন্টু, কালেরকণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজু, জামালপুর দিনকালের সম্পাদক সাইদ পারভেজ তুহিন, প্রথম আলোর সাংবাদিক আব্দুল আজিজ, এড. লিন্টু ভৌমিক দুলু প্রমুখ।
সমাবেশে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে হেনস্তাকরীদের চাকরি থেকে অব্যাহতি ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান সাংবাদিকরা। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
