ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর সেবা কার্যক্রম সহজীকরণের লক্ষ্যে নির্ধারিত দুইটি গাড়ির শুভ উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল, পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন।
শনিবার সকালে রাজশাহী পুলিশ লাইন্সে সার্বিক তত্ত্বাবধানে রাজশাহী জেলা পুলিশ কর্তৃক এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে প্রতিদিন অসংখ্য মানুষকে সেবা প্রদান করে চলেছে বাংলাদেশ পুলিশ। এই জেলায় ৯৯৯ এর জন্য নির্ধারিত গাড়ির কার্যক্রম চালু হওয়ায় জেলার সাধারণ জনগণ আরো বেশি দ্রুততার সাথে পুলিশ সেবা পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একটি প্রেস রিলিজের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন ইফতে খায়রে আলম অতিরিক্ত পুলিশ সুপার।
অপরদিকে পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেনের সভাপতিত্বে পুলিশ সদস্যগণ মুক্তিযুদ্ধকালীন স্মৃতি চারণ করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য এবং মুক্তিযোদ্ধা পুলিশ পরিবারকে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। বাংলাদেশের স্বাধীনতার জন্য বীর মুক্তিযোদ্ধাদের অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বীর মুক্তিযোদ্ধাদের অবদান চিরস্মরণীয় ও গৌরবময় হয়ে থাকবে বলে প্রধান অতিথি ডিআইজি মোঃ আব্দুল বাতেন তার বক্তব্যে উল্লেখ করেন।
