নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কোনাবাড়ী বাইমাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরের কোনাবাড়ী বাইমাইল ব্রিজে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল কাদির (৩২) নেত্রকোনার পূর্বধলা থানার জামুদ গ্রামের আব্দুল গনি মিয়ার ছেলে এবং কাজল মিয়া (৩৬) একই গ্রামের মৃত শাহ নেওয়াজখানের ছেলে।
জিএমপি কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক শাখাওয়াত ইমতিয়াজ জানান, শনিবার আশুলিয়ার বীলভদ্র এলাকা থেকে দুইজনেই মোটরসাইকেলযোগে নেত্রকোনায় যাচ্ছিল। দুপুরের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরে কোনাবাড়ী বাইমাইল ব্রিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর ছিটকে পড়ে দুইজনেই ঘটনাস্থলেই মারা যায়।
পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
