×

গাজীপুরে গ্যারেজের প্রহরী রাসেল হত্যার প্রধান আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে অটোরিক্সা গ্যারেজের প্রহরী রাসেল হত্যা মামলার প্রধান আসামী জয়নাল ওরফে জুয়েল (৩০)-কে গ্রেফতার করা হয়েছে। গাজীপুর পিবিআই গত ১৯ আগষ্ট রাতে জিএমপি সদর থানাধীন টেক- ভাড়ারিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। জুয়েল ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জনগাঁও গুচ্ছগ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে। বর্তমানে সে সদর থানার টেক ভাড়ারিয়া এলাকার মাসুমের বাড়ির ভাড়াটিয়া।

পিবিআই জানায়, গত ২০১৮ সালের ২ এপ্রিল সকালে ভিকটিম মো. রাসেল (১৮) কে তার চাচা ইদ্রিস আলীর গ্যারেজ (মারিয়ালী কলাবাগান) থেকে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ভিকটিমের মা মোসা. পারুল আক্তার (৩৬) বাদী হয়ে জয়দেবপুরর থানায় (বর্তমান সদর থানা) অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে এজহার দায়ের করেন। দির্ঘ তদন্তের পর মামলাটির রহস্য উদঘাটনের জন্য পিবিআই গাজীপুরের নিকট ন্যস্ত হয়। পরে পিবিআই-এর পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান এর সার্বিক সহযোগিতায় পুলিশ পরিদর্শক এসএম শাকিল হাসান নতুন করে তদন্ত শুরু করেন এবং আসামী জয়নাল ওরফে জুয়েলকে গ্রেফতার করে।

পিবিআই আরো জানায়, জুয়েল জিজ্ঞাসাবাদে জানায় সে এবং তার সহযোগী অন্যান্য আসামীগণ মামলার ঘটনাস্থল পাশ্ববর্তী একটি গ্যারেজের রিক্সা চালাত। ভিকটিম রাসেল এর চাচা ইদ্রিস আলীর গ্যারেজে থাকা একটি নতুন অটোরিক্সা চুরি করার জন্য তারা ২০১৮ সালের ২ এপ্রিল অনুমান রাত ৩টার সময় ওই গ্যারেজের বেড়া ফাঁক করে ভেতরে প্রবেশ করে। এসময় ভিকটিম চোর চোর বলে চিৎকার শুরু করলে আসামীরা গ্যারেজে থাকা রিক্সা হাওয়া দেওয়ার পাম্পার দিয়ে ভিকটিমের মাথায় আঘাত করে হত্যা করে। গ্রেফতাকৃত জয়নাল @ জুয়েলকে গত ১৯ আগষ্ট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় এবং আদালত ১ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত ৩০ আগষ্ট বিজ্ঞ আদালতে সোপর্দ করলে সে নিজেকে ঘটনার সাথে জড়িত ও অন্যান্য আসামীদের নাম উল্লেখ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।