×

কালীগঙ্গায় শুকনো মৌসুমেও ভাঙন

মোঃ ইমরান হোসেন রিজবী (নবাবগঞ্জ) :

কালীগঙ্গার তীরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নাধীন ছোট্ট এক‌টি গ্রাম পাতিলঝাপ। দীর্ঘ কয়েক বছর যাবৎ বর্ষার মৌসুমে একাধারে ভেঙেই চলছে ছোট্ট এই গ্রামটি। কিন্তু দু বছর যাবত শুকনো মৌসুমেও স্বস্তিতে বসবাস করতে পারছেনা নদীর তীরের বাসিন্দারা। ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে গ্রামটির প্রায় তিন শতাধিক বসতি বাড়িসহ এক কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে ফসলি জমি।

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, নদী ভাঙ্গন রোধের ব্যবস্থা হিসেবে দুইবার করে নদীরপাড় বাঁধাই করা হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে ভাঙ্গন রোধে ব্যবহৃত সরঞ্জাম গুলো প্রতিবারই নদীগর্ভে নিশ্চিহ্ন হয়ে যায়। মানুষের জীবনযাত্রা হয়ে পড়ে হুমকির সম্মুখিন। আতঙ্কে দিন কাটছে নদীর তীরে বসবাসকৃত অসহায় মানুষের। এদের মধ্যে এমন কিছু পরিবার‌ রয়েছে যারা ইতোপূর্বেই হারিয়েছে পূর্বপুরুষের রেখে যাওয়া শেষ চিহ্নটুকু। তাদের অনেকেই বিভিন্ন আত্মীয়-স্বজনের শরণাপন্ন হন। কেউবা নদীর তীরেই ত্রিপল টাঙিয়ে কোনরকম জীবন যাপন করছে। নদীর পাড় যদি এভাবেই ভাঙতে থাকে তাহলে বেশ কিছুদিনের মধ্যেই হারাতে হবে গ্রামটির ঐতিহ্যের প্রতীক পাতিলঝাপ বাজার ও পাতিলঝাপ উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়টি।

এমতাবস্থায় সরকারের নিকট স্থানীয়দের আবেদন এই যে, তাদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে নদীর পাড় এমনভাবে বাঁধাই করা হোক যেন পরবর্তীতে আর ভোগান্তির শিকার না হতে হয়।