×

ইন্দুরকানীর নিখোঁজ দুই জেলে তিন দিন পরে উদ্ধার

দিবাকর দত্ত পুলিন, ইন্দুরকানী(পিরোজপুর)  : নিখোঁজের তিন দিন পরে ভোলার একটি নদী থেকে ভাসমান অবস্থায় ইন্দুরকানীর দুই জেলে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভোলার লালুয়া নদীর পশ্চিম পার থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ জেলে সেলিম মোল্লা ও মিরাজ হাওলাদারকে জীবিত উদ্ধার করা হয়। পিরোজপুর মৎস্য ট্রলার মালিক সমিতির সভাপতি কমল দাস নিখোঁজ জেলেদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত মঙ্গলবার উপজেলার কালাইয়া গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের মাছ ধরা ট্রলাটিকে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় প্রবল ঢেউয়ের কবলে পড়ে। এসময় ট্রলারের থাকা উপজেলার কালাইয়া গ্রামের সেলিম মোল্লা (৩৫) ও মিরাজ হাওলাদার (২৫) সাগরে ছিটকে পড়ে যায়। এরপর থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তারা নিখোঁজ ছিলেন। ওই ট্রলারে মোট ১১ জন জেলে ছিলেন বলে জানান ট্রলার মালিক জাহাঙ্গীর হাওলাদার।
চরফ্যাশনের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন জানান, দুই জেলেকে উদ্ধার করে চরফ্যাশনে নিয়ে এসেছেন এখানকার জেলেরা। তারা দুজনই সুস্থ আছেন।