ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি : `যখন আমি থাকব না তখন আমায় আর খুঁজো নাহ, শুধু মনে করে একটু ভালবাসা উড়িয়ে দিও’। কলেজ ছাত্র `al-maruf leon’ লিওনের ফেসবুক প্রোফাইলে লেখা পোস্টের মতোই তার জীবনের শেষ পরিনতি ঠিক এমনটিই ঘটবে তা ভাবেননি কেউই। একটি দূর্ঘটনায়ই অকালেই তাকে চলে যেতে হল না ফেরার দেশে। গত মঙ্গলবার সন্ধ্যায় একটি যাত্রীবাহী বাস কেড়ে নিল তার তরতাজা প্রাণ। দু’ভাই-বোনের মধ্যে লিওন ছিল বড়। লিওনের এ অনাকাংখিত মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে পরিবার পরিজন, আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী ও বন্ধু-বান্ধবের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
গত মঙ্গলবার সন্ধ্যার পর পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ইন্দুরকানী-পিরোজপুর সড়কের মহুরী বাড়ি নামক স্থানে বাস-মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন মটর সাইকেল আরোহী কলেজ ছাত্র আল-মারুফ লিওন (২২) । এ সময় মটর সাইকেলে থাকা তার অপর সঙ্গী মাহামুদ (২২ ) নামে একজন আহত হন। নিহত লিওন উপজেলার সেউতিবাড়িয়া গ্রামের (আউরাপোল এলাকার) আব্দুল কাদের হাওলাদারের ছেলে এবং খুলনা সুন্দরবন ইনিস্টিটিউট অব টেকনোলজির টেক্সটাইলের শেষ বর্ষের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যার দিকে লিওন এবং মাহামুদ নামে দু’জন মটর সাইকেল নিয়ে রাতে পিকনিক করার উদ্যেশে গোশত আনতে পিরোজপুর শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় ইন্দুরকানী-পিরোজপুর সড়কের মহুরী বাড়ি সংযোগ সড়কের কাছে খুলনা থেকে চন্ডিপুরের উদ্যেশে ছেড়ে আসা ’পায়রা পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসের সাথে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে কলেজ ছাত্র লিওনের মাথায় গুরুতর আঘাত লাগে এবং মাহামুদও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত দুই জনকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিওনকে মৃত ঘোষণা করেন। আহত মাহামুদকে উন্নত চিকিৎসার জন্য খুলনা নিয়ে যাওয়া হয়।
ইন্দুরকানী থানার ওসি মো: হুমাউন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।
