×

ইন্দুরকানীতে সরকারি চালসহ আটক দুই

নিজস্ব প্রতিবেদক, ইন্দুরকানী (পিরোজপুর) : পিরোজপুরের ইন্দুরকানীতে অবৈধভাবে পাঁচ বস্তা সরকারি চাল বিক্রির সময়ে ডিলারসহ দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গত রোববার সন্ধ্যার পরে উপজেলা সদরের ইন্দুরকানী বাজারে এ ঘটনা ঘটে। আকটকৃতরা হলেন ফেয়ার প্রাইজের চালের ডিলার মোহাম্মদ বাহারুল (৫৪) ও রিক্সা চালক শাহ আলম (৫৩)।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, সন্ধ্যার পরে নিজ গোডাউন থেকে রিক্সা যোগে ৩০ কেজি চালের পাঁচটি বস্তা নিয়ে যাচ্ছিলেন বাহারুল। এ চালগুলো তিনি বাজারের আদম আলী সড়কের আশ্রাব আলীর দোকানে বিক্রি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এমন সময় বাজারের সাধারণ জনতা সন্দেহের বশে রিক্সাসহ বাহারুলকে আটক করে। পরে পুলিশ এসে চালের ডিলার বাহারুল ও রিক্সা চালক শাহ আলমকে আটক করে থানায় নিয়ে যায়। এমনকি আশ্রাব আলীর দোকানে তল্লাশী করে খাদ্য অধিদপ্তরের লোগো সমৃদ্ধ চালের ছয়টি খালি বস্তা উদ্ধার করে পুলিশ।

ইন্দুরকানী থানার ওসি মো: হুমায়ুন কবির জানান, পাঁচ বস্তা চালসহ দুইজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে গতকাল সোমবার মামলা হয়েছে।