×

‘২০২৩ সালের মধ্যে বন্যা দুর্গত সব জেলা ও উপজেলায় রেসকিউ বোট’

নিজস্ব প্রতিবেদক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, ২০২৩ সালের মধ্যে বন্যা দুর্গত সব জেলা ও উপজেলায় এক্সেসিবল রেসকিউ বোট দেওয়া হবে। এর অংশ হিসেবে আজ প্রস্তুতকৃত ৮টি মাল্টিপারপাস রেসকিউ বোট হস্তন্তর করা হয়েছে। এসব বোটগুলো বন্যা দুর্গত এলাকায় গিয়ে উদ্ধার অভিযান কাজ শুরু করবে।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জন্য নির্মাণাধীন ৬০টি মাল্টিপারপাস এক্সেসিবল রেসকিউ বোটের মধ্যে প্রস্তুতকৃত ৮টি বোট হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বোটগুলোতে প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এ বোটগুলো দিয়ে বন্যায় প্লাবিত এলাকাগুলোর মানুষদের পাশাপাশি, তাদের গৃহপালিত পশু ও সহ ঘরবাড়ি উদ্ধার হবে। প্রতিমন্ত্রী বলেন, এ বছর আরো মাল্টিপারপাস ৩০টি বোট দেওয়া হবে। এতে করে দুর্যোগ ও বন্যা কবলিত এলাকার আমাদের সক্ষমতা আরো বাড়বে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন, মহাপরিচালক আতিকুল হক ও আদর্শ প্রতিবন্ধী উন্নয়ন কেন্দ্রের সভাপিত কাজল রেখা, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, নৌ পুলিশ সুপার মিনা মাহমুদসহ প্রশাসেনর ঊর্ধ্বতন কর্মকর্তারা।