×

সারাদেশে চলছে গণটিকাদান কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক: একদিনে করোনার এক কোটি ডোজ টিকা প্রদানের টার্গেট নিয়ে রাজধানীসহ সারাদেশে একযোগে শুরু হয়েছে গণটিকা কার্যক্রম। আজ সকাল সাড়ে ৮টা থেকে এই টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রতিটি টিকা কেন্দ্রেই মানুষের দীর্ঘলাইন দেখা গেছে। এই গণটিকা কর্মসূচিতে দেয়া হচ্ছে প্রথম ডোজ।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ৭৬ লাখ ডোজের বেশি টিকা দেয়া হয়েছিল একদিনে।
গত ১৫ই ফেব্রুয়ারি সারাদেশে একদিনে ১ কোটি ডোজ টিকা দেয়ার ঘোষণা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ওইদিন জানানো হয়, ২৬ ফেব্রুয়ারির পর প্রথম ডোজ টিকা দেয়া হবে না। ওই ঘোষণার পর সারাদেশের টিকাদান কেন্দ্রগুলোয় ভিড় বাড়তে থাকে। বুধবার সাভারে করোনাভাইরাসের টিকা কেন্দ্রে প্রথম ডোজ টিকা প্রত্যাশীদের উপচেপড়া ভিড় হয় যা সামলাতে পুলিশকে লাঠিপেটা করতে হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, শুক্রবার পর্যন্ত সারাদেশে ১০ কোটি ৯৫ লাখ ৮১ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮ কোটি ১৯ লাখ এবং বুস্টার ডোজ নিয়েছেন ৩৫ লাখ ৫৯ হাজারের বেশি মানুষ।

বাংলাদেশে গত বছরের ৭ই ফেব্রুয়ারি করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হয়।
দুই মাস পর ৮ই এপ্রিল শুরু হয় দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম। আর গত বছরের ২৮শে ডিসেম্বর তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ দেওয়া শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর।