×

সড়কপথে যানজট, বৃষ্টির ভোগান্তি নিয়েই গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা

নিউজ ডেস্ক: ট্রাফিক পুলিশের সার্জেন্ট সৌরভ আহমেদ বলেন, সোমবার বিকাল থেকেই গাবতলীতে যাত্রীদের ব্যাপক চাপ শুরু হয়। একদিকে গাবতলী গরুর হাট, অপরদিকে দূরপাল্লার বাসের কারণে যানজট ও মানুষের ভিড়ে এক জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রুততার সঙ্গে রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করছি।

উত্তরার আব্দুল্লাপুরে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের যাত্রীবাহী বাসগুলোকে সড়কে চাপ থাকায় ধীরে ধীরে যেতে হচ্ছে। বিমানবন্দর থেকে আব্দুল্লাপুর পার হতে আধঘন্টার বেশি সময় লাগছে বলে বাসচালকরা জানিয়েছেন।

এদিকে উত্তরবঙ্গের যাত্রীদের ভোগান্তি যেন কমছেই না। এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার মহাসড়কে পুরো মাত্রায় যানবাহনের চাপ থাকায় যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ থাকলেও এই পথে বেশ স্বস্তি নিয়েই যাত্রীরা ঢাকা ছাড়ছে।

নৌপথের যাত্রীরা বেশ স্বস্তি নিয়ে ঈদযাত্রায় সামিল হয়েছেন। গতকাল বিকাল থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীর ভিড় বেড়েছে। তবে আগের তুলনায় যাত্রী কম থাকায় লঞ্চগুলো নির্ধারিত সময়ে ছাড়েনি। প্রায় সব লঞ্চই বেশি যাত্রী পাওয়ার জন্য নির্ধারিত সময়ের পরও টার্মিনাল ছাড়েনি। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেছেন।

ঢাকা-বরিশাল নৌরুটের কুয়াকাটা-২ লঞ্চের মালিক আবুল কালাম খান জানান, ঈদ উপলক্ষে সব লঞ্চের কেবিন আগেই বিক্রি হয়ে গেছে। এখন ডেকের যাত্রীরাই মূলত আসবেন। তবে আশানুরূপ যাত্রী নেই। অনেক অফিস মঙ্গলবারও খোলা ছিল। অফিস শেষে যাত্রীরা রওনা হবেন। এ কারণে সন্ধ্যা থেকে যাত্রীর চাপ বাড়বে।

সরজমিন কমলাপুর গেয়ে দেখা গেছে, ট্রেনে ঈদযাত্রার চতুর্থ দিন কমলাপুর রেলস্টেশনে সকাল থেকে রাত পর্যন্ত ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়। সকালের দিকটার চেয়ে সন্ধ্যের দিকে ভিড় বেশি ছিল। তবে টিকেটবিহীন যাত্রীদের ক্ষেত্রে এবার কড়াকড়ি থাকায় কোনো যাত্রী বাঁশের বেড়ার ফাঁক দিয়ে বিনা টিকেটে স্টেশন এলাকায় প্রবেশ করতে পারেনি। যদিও এরই মধ্যে ফাঁকফোকর গলে এবং খিলগাঁও রেলক্রসিং দিয়ে অসংখ্য মানুষ ঢুকছে স্টেশন চত্বরে। এদের অধিকাংশই টিকেটবিহীন যাত্রী- যার ফলে ভেতরে টিকেটধারী যাত্রীরা মহাসমস্যায় পড়েছেন, তাদের ঘাড়ের ওপরে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপ। অনেকেই প্রয়োজনে ভিড় ঠেলে বাথরুমে না যেতে পারার অভিযোগ করেছেন। সকালের দিকে বেশ কয়েকটি ট্রেন ১ থেকে দেড় ঘণ্টা দেরিতে ছেড়ে যায়।