×

লালমনিরহাটে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ২জন বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১২ নভেম্বর) ভোরে সেবকদাস গ্রামে এ ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড়া সীমান্তের মৃত মোসলেম উদ্দিনের পুত্র ইদ্রিস আলী (৪২) ও আলতাফ হোসেনের পুত্র আসাদুজ্জামান ভাসানী (৪৩)।

এলাকাবাসী জানায়, গরু চোরাকারবারিরা ভারতের কাঁটাতারের বেড়ার কাছে বাঁশের চড়কী স্থাপন করে গরু পারাপার করছিল। এসময় ভারতের গুঞ্জড়ীরচড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা কয়েক রাউন্ড গুলি চালায়। এতে আসাদুজ্জামান ভাসানী ও ইদ্রিস আলী ঘটনাস্থলে নিহত হন।

ওসি আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, ‘আমি ডিবির মাধ্যমে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের ঘটনা জানতে পেরেছি। যেহেতু সীমান্ত এলাকা এজন্য বিজিবি প্রয়োজনী কার্যক্রম গ্রহণ করবে। তদের মরদেহ বিএসএফ নিয়ে গেছে।’

এ ব্যাপারে ১৫ বিজিবির অধিনায়ক তহিদুল ইসলামকে মোবাইল করা হলে তিনি মিটিংয়ে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।