×

রাষ্ট্রপতির কাছে ১০ নাম জমা, শিগগিরই প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে কাছে ১০ জনের নাম জমা দিয়েছেন সার্চ কমিটি।
আজ বৃহস্পতিবার রাতে বঙ্গভবনের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, সার্চ কমিটির সদস্যরা রাষ্ট্রপতির কাছ নাম জমা দিয়েছেন এবং রাষ্ট্রপতি তা গ্রহণ করেছেন। এখন রাষ্ট্রপতি পরীক্ষা-নিরীক্ষা করে নির্দেশনা দেবেন। তবে খুব দ্রুত সময়ের মধ্যেই এই পাঁচজনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হবে।

এর আগে সন্ধ্যা পৌনে ৭টার দিকে বঙ্গভবনে প্রবেশ করেন সার্চ কমিটির পাঁচজন সদস্য। এরপর তারা রাষ্ট্রপতির কাছে নামগুলো তুলে দেন।

তবে অসুস্থতার কারণে সার্চ কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান আসতে পারেননি।

গত ২৭ জানুয়ারি নির্বাচন কমিশন গঠনে প্রথমবারের মতো আইন প্রণয়ন করে সরকার। এরই ধারাবাহিকতায় ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতির দায়িত্ব দিয়ে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে দেন রাষ্ট্রপতি।

প্রথম দফায় ১৪ ফেব্রুয়ারি ৩২২ জনের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। এসব নাম থেকে একাধিক দফায় বৈঠক করে ২০ জনের নাম বাছাই হয়, দ্বিতীয় দফায় সেটা ১২-১৩ জনে আসে।

গত মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সার্চ কমিটির সর্বশেষ বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত হয়। কিন্তু এ দশজনের নাম প্রকাশ না করার সিদ্ধান্ত নেয় সার্চ কমিটি।