×

রামপুরায় বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর রামপুরায় বাসচাপায় এক শিক্ষার্থী মারা গেছে। এ মৃত্যুকে কেন্দ্র করে ঘটনাস্থলে জড়ো হয়ে সড়ক অবরোধ করেছে উত্তেজিত জনতা। তারা কয়েকটি বাসে আগুন দিয়েছে।

সোমবার রাত সাড়ে দশটার দিকে রামপুরা বাজারের সামনে এ ঘটনা ঘটে। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বাসচাপায় রামপুরা বাজারের সামনে একজন নিহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করেছে।

স্থানীয়রা জানিয়েছে, গ্রিন অনাবিল পরিবহনের একটি বাসের চাপায় ওই শিক্ষার্থী মারা যান। এর পরপরই জনতা বাস আটকে ভাংচুর ও অগ্নিসংযোগ শুরু করে। নিহত শিক্ষার্থীর নাম মাঈনুদ্দীন। সে স্থানীয় একরামুন্নেসা স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।

জানা গেছে, অন্তত নয়টি বাসে আগুন দেওয়া হয়েছে।