×

রাজশাহীতে তৃতীয় মেয়াদে মেয়র লিটন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন অনেকটা নিরুত্তাপভাবে শেষ হয়েছে। মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে সে অর্থে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়নি। কাউন্সিলর পদে একাধিক শক্তিশালী প্রার্থী থাকায় প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশ তৈরি হয়। সকাল থেকে নারী ভোটাররা ভোটকেন্দ্রে উপস্থিত হতে থাকেন। বৃষ্টির মধ্যেও ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল চারটায় ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৮টার মধ্যে ১৫৫টি কেন্দ্রের বেসরকারি ফল ঘোষণা করা হয়। এতে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। এদিকে ৩০ ওয়ার্ডের প্রায় ২২/২৩টিতে কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা কাউন্সিলর পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

গতকাল নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফল অনুযায়ী, ১৪৪ কেন্দ্রে মেয়র পদে ১ লাখ ৫৯ হাজার ৭৯৭ ভোট পেয়ে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন (নৌকা)। মেয়র পদে অন্যদের মধ্যে ইসলামী আন্দোলনের প্রার্থী মুরশিদ আলম (হাতপাখা) ১৩ হাজার ৩৯৩ ভোট, জাকের পার্টির প্রার্থী লতিফ আনোয়ার (গোলাপ) ১১ হাজার ৫৮৪ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন (লাঙ্গল) ৯ হাজার ৪৫৭ ভোট পেয়েছেন। প্রার্থীদের মধ্যে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের পর রাজশাহী সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুরশিদ আলম (হাতপাখা) নির্বাচন বয়কটের ঘোষণা দেন।

নির্বাচনে মোট ১৫৫টি কেন্দ্রের সবগুলোতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়।

ভোটকেন্দ্রগুলোতে স্থাপন করা হয় ১ হাজার ৫৬০টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা। ঢাকায় বসে সিসি ক্যামেরায় নির্বাচন পর্যবেক্ষণ করেন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) কমিশনের সদস্যরা।
নির্বাচন কমিশন সূত্রে পাওয়া বেসরকারিভাবে নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলরা হলেন- ১নং ওয়ার্ডে রজব আলী, ২নং ওয়ার্ডে নজরুল ইসলাম, ৩ নং ওয়ার্ডে কামাল হোসেন, ৪নং ওয়ার্ডে আশরাফুল ইসলাম বাবু, ৫নং ওয়ার্ডে কামরুজ্জামান কামরু, ৬নং ওয়ার্ডে নুরুজ্জামান টুকু, ৭নং ওয়ার্ডে মতিউর রহমান মতি, ৮নং ওয়ার্ডে জানে আলম খান জনি, ৯নং ওয়ার্ডে রাসেল জামান, ১০নং ওয়ার্ডে আব্বাস আলী সরদার, ১১ নং ওয়ার্ডে আবু বক্কর কিনু, ১২নং ওয়ার্ডে শরিফুল বাবু, ১৩নং ওয়ার্ডে মো. আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ডে আনোয়ার হোসেন আনার, ১৫নং ওয়ার্ডে আব্দুল সোবহান লিটন, ১৬নং ওয়ার্ডে বেল্লাল আহমেদ, ১৭নং ওয়ার্ডে আলহাজ শাহাদত আলী সাহু, ১৮নং ওয়ার্ডে মো. শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ডে তহিদুল হক সুমন, ২০নং ওয়ার্ডে মো. রবিউল ইসলাম, ২১নং ওয়ার্ডে মো. নিজাম উল আযীম, ২২নং ওয়ার্ডে আব্দুল হামিদ সরকার, ২৩নং ওয়ার্ডে মাহতাব হোসেন চৌধুরী, ২৪নং ওয়ার্ডে আরমান আলী, ২৫নং ওয়ার্ডে আলী আল মাহমুদ লুকেন, ২৬নং ওয়ার্ডে আখতারুজ্জামান কোয়েল, ২৭নং ওয়ার্ডে মনিরুজ্জামান মনি, ২৮নং ওয়ার্ডে আশরাফুল হোসেন বাচ্চু, ২৯নং ওয়ার্ডে জাহের হোসেন সুজা, ৩০নং ওয়ার্ডে মো. আলাউদ্দিন।