×

মৃত্যু সংবাদ গুজব অডিও বার্তায় জানালেন বারাদার

আর্ন্তজাতিক ডেস্ক : মৃত্যুর খবর গুজব অস্বীকারের পর আজ সোমবার মোল্লা বারাদার তার মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে এক অডিও বার্তায় দাবি করেছেন তিনি বেঁচে আছেন। তবে ভিডিও বার্তা কিংবা প্রকাশ্যে হাজির না হওয়ায় অনেকে তার বেঁচে থাকা নিয়ে এখনো সন্দিহান।

আফগানিস্তানের বর্তমান উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার মারা গেছেন বলে গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। তাতে দাবি করা হচ্ছে, তালেবানের অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দল ও প্রতিপক্ষের সঙ্গে দ্বন্দ্বের জেরে সম্প্রতি এক গোলাগুলিতে মৃত্যু হয়েছে তার।

অডিও বার্তায় মোল্লা বারাদার বলেন, ‘আমার মৃত্যু হয়েছে বলে সংবাদ শুনলাম। গত কয়েক রাত আমি বাইরে সফরে ছিলাম। আমি এখন যেখানেই থাকি না কেন ভালো আছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় মিথ্যা প্রচারণা থাকে। এসব গুজব ভিত্তিহীন। আপনাদের শতভাগ নিশ্চিত করে বলতে চাই, এমন কিছু হয়নি এবং কোনো সমস্যা হয়নি আমাদের মধ্যে।’

অডিও বার্তাটি যে মোল্লা বারাদারের তা অবশ্য নিশ্চিত করতে পারেনি কেউ। তবে অডিও বার্তাটি পোস্ট করা হয়েছে তালেবানের অফিসিয়াল ওয়েবসাইটে।