মোঃ আমির হোসেন , মুন্সীগঞ্জ : করোনা সংক্রমণ ঝুঁকি মাথায় নিয়ে ঈদকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে ঘরমুখো মানুষের ঢল নেমেছে।
শনিবার সকাল থেকে সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যক্তিগত ও ভাড়া যানবাহনে করে গন্তব্যে পৌঁছাতে ঘাট এলাকায় জড়ো হচ্ছেন হাজার হাজার মানুষ। এতে প্রতিমুহূর্তে উপেক্ষিত হয়েছে স্বাস্থ্যবিধি অধিকাংশ মানুষের মুখে ছিল না মাক্স কাউকেই মানতে দেখা যায়নি সামাজিক দূরত্ব।
এতে ঘাট এলাকায় বাড়তি চাপ সামলাতে প্রতি মুহূর্তেই হিমশিম খেতে হয়েছে ঘাট কর্তৃপক্ষকে। এ সময় ঘাটে দীর্ঘক্ষন ধরে পারাপারে অপেক্ষমান যাত্রীদের সাথে ধস্তাধস্তি বেধে যায় পুলিশের সাথে। পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় যাত্রীদের অত্যধিক চাপ পড়েছে ফেরিতে এতে বিঘ্নিত হয়েছে গাড়ি পারাপার।
এতে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে ব্যক্তিগত ও পণ্যবাহী ৯ শতাধিক যানবাহন।
এসব যাত্রী ও যানবাহন পারাপারে নৌরুটে বর্তমানে ১৩টি ফেরি সচল রয়েছে বলে জানায় ঘাট কর্তৃপক্ষ।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডাব্লিউটিসি) শিমুলিয়া ঘাট সহ উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম জানান, আসন্ন ঈদ ও সাপ্তাহিক শুক্রবার ছুটির দিন হওয়ায় অধিক সংখ্যক যাত্রী ঘাটে আসছেন।
লঞ্চ-স্পিডবোট বন্ধ থাকায় ফেরিতে যাত্রীদের প্রচণ্ড চাপে গাড়ি পারাপারে বেগ পেতে হচ্ছে। তাই প্রতি মুহূর্তে যাত্রী চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের।
