নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের ভোটের সংস্কৃতি নিয়ে বিএনপির মিথ্যাচারের জবাব দিয়েছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার ভোটাররা। বসুরহাট পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীও যেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন, সেখানে অন্ধকারে ঢিল না ছুড়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিজ দলের প্রার্থীর কথা অনুধাবন করার আহবান জানিয়েছেন তিনি।
শনিবার বিকেলে নিজের সরকারি বাসভবন থেকে দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন পরবর্তী তাৎক্ষণিক ব্রিফিংয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের।
শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ ও উৎসব আমেজে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচন নিয়ে যারা মিথ্যাচার করে, তার জবাব জনগণ দিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোটারদের এবং নির্বাচন কমিশনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
নির্বাচনে জয়-পরাজয় থাকবে, তবুও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সব প্রার্থীকেও ধন্যবাদ জানান ওবায়দুল কাদের।
ভোটারদের ব্যাপক অংশগ্রহণ ও ভোটাধিকার প্রয়োগ ইভিএমের ক্রমবর্ধমান জনপ্রিয়তাই প্রমাণ করে বলে জানিয়েছেন জানান তিনি।
নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচন নিয়ে গণমাধ্যম এবং রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ ছিল উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সেখানেও অবাধ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির প্রার্থীরা ভোটের পরিবেশ ও ভোটাধিকার প্রয়োগ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও তাদের কেন্দ্রীয় নেতারা শুধুমাত্র সমালোচনার জন্য সমালোচনা করছে, যা অত্যন্ত দুঃখজনক বলে মনে করেন ওবায়দুল কাদের।
