নিজস্ব প্রতিবেদক: বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সম্মেলনে বেশি লোকসমাগম হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ সকালে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্য দেওয়ার সময় সেতুমন্ত্রী এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ১৫ আগস্টের মাস্টার মাইন্ড সেনাপতি জিয়াউর রহমান। বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারী খন্দকার মোস্তাককে কুমিল্লার মানুষ ঘৃণা করে।
তিনি বলেন, মুফতি হান্নান বলে গিয়েছে হাওয়া ভবনে একুশে আগস্ট গ্রেনেড হামলার মিটিং হয়েছে। হাওয়া ভবনের যুবরাজ তারেক রহমানের নির্দেশে বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলা হয়েছে।
বৈশ্বিক সংকটের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, এ কথা স্বীকার করছি যে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষের কষ্ট হচ্ছে। তবে এটা বাংলাদেশের সমস্যার কারণে হয়নি। বৈশ্বিক সংকটের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতেই কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কমিটি হবে।
