×

ফের বিসিবির পরিচালক হিসেবে নির্বাচিত পাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টানা দুইবারের সভাপতি নাজমুল হাসান পাপন ফের পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। বুধবার অনুষ্ঠিত নির্বাচন ক্যাটাগরি-২ ঢাকার ক্লাব থেকে তিনি জয় লাভ করেন। আবাহনী লি.-এর কাউন্সিলর হিসেবে মনোনয়নপত্র কিনেছিলেন পাপন। এছাড়া এবার পরিচালক হিসেবে তার সঙ্গী ক্লাব থেকে একেবারে নতুন ইফতেখার রহমান মিঠু, ওবেদ রশিদ নিজাম, ফাহিম সিনহা, মঞ্চুর আলম ও সালাউদ্দিন চৌধুরী। এছাড়া ক্যাটাগরি-১ থেকে নতুন মুখ নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর তানভীর আহমেদ টিটু। আর বাকি ১৪ জন নির্বাচিত পরিচালক আগের দুই মেয়াদে ছিলেন পাপনের সঙ্গী। মূলত এবারের বিসিবির নির্বাচন তিন ক্যাটাগরিতেই লড়াই হয়েছে। এর মধ্যে ক্যাটাগরি-১ থেকে রাজশাহী বিভাগের দিকে ছিল সবার চোখ।

কারণ এখানে শেষ দুইবারের বিসিবি পরিচালক পাবনা জেলার কাউন্সিলর সাইফুল আলম স্বপন চৌধুরীর প্রতিদ্বন্দি ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। শেষ পর্যন্ত ৭ ভোটে জয়ী হয়েছেন স্বপন। এছাড়া ক্যাটাগরি-৩ থেকে ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আগের দুই বারের প্রভাবশালী পরিচালক খালেদ মাহমুদ সুজন। তার প্রতিদ্বন্দি নাজমুল আবেদিন ফাহিম পেয়েছেন মাত্র ৩ ভোট। মোট ২৩ জন নির্বাচিতের সঙ্গে যুক্ত হবেন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত ২জন। আর মোট ২৫ জন পরিচালক ভোটে নির্বাচিত করবেন নতুন সভাপতি।