×

পুবাইলে আগুনে ভষ্মিভুত ৫০ ক্ষুদ্র ব্যবসায়ীর স্বপ্ন

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরে পুবাইলের মাজুখান এলাকায় একতা ঝুট ও ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির ঝুট গোদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
আজ রোববার সকাল সাড়ে ১০ টার দিকে মোঃ নজরুলের গোদামে আগুনের সূত্রপাত হয়। পরে তা অর্ধশতাধিক গুদামে ছড়িয়ে পরে।
একতা ঝুট এবং ক্ষুদ্র ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান টিটু জানান, প্রথমে নজরুলের ঝুটের গোদামে আগুন লাগে। প্রাথমিক অবস্থায় নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু সেখান থেকে দ্রুত আগুন ছড়াতে থাকে। একপর্য়ায়ে প্রায় ৫০টি গোদামে ছড়িয়ে যায়। খবর পেয়ে টঙ্গী ও জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌছে। তারা এখনো আগুন নেভানোর চেষ্টা করছে।

মোস্তাফিজুর জানান, ১২ বিঘা জমি ভাড়া নিয়ে তারা ১৩০ জন ব্যবসায়ী এখানে গোদাম করেছেন। এখানে টেক্সটাইল, স্পিনিং এবং গার্মেন্টেসের ঝুট, তুলা, পলিথিন এবং বিভিন্ন ওয়েস্টেজ বাছাইয়ের কাজ করা হয়। এসব বাছাইকৃত ঝুট দেশের বাজারের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছিলো। এমনিতেই দীর্ঘ করোনাকালে ব্যবসায় মন্দা যাচ্ছে। এর মাঝেই আগুনে সব শেষ হয়ে গেলো। ঝুট ব্যবসায়ীরা পথে বসে যাবে। তিনি সরকারিভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তার দাবি জানান।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশণ অফিসার মোঃ ইকবারল হাসান জানান, আগুন নেভানোর চেষ্টা চলছে। ফায়ার সার্ভিসের আরো কর্মীরা আসছেন। আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।