নিজস্ব প্রতিবেদক: পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় নৃশংস হত্যাকাণ্ডের বিচার হয়েছে। এ রায় যথাযথভাবে কার্যকর করা হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শুক্রবার সকালে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে বিডিআর বিদ্রোহে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই নৃশংস হত্যাকাণ্ড বিচার হয়েছে। এটার রায় যথার্থভাবে কার্যকর করা হবে। আপনারা বিচারের জন্য যেভাবে ধৈর্যধারণ করে আসছেন, এভাবে ধৈর্যধারণ করবেন। আপনারা এ ঘটনার বিচার দেখতে পারবেন।
বঙ্গবন্ধু হত্যার বিচার পেতেও সময় লেগেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আপনারা এটাও দেখেছেন, বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারে অনেক সময় লেগেছে। তারপরও আজ আমরা স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারছি।
তিনি বলেন, আমাদের থেকে কালো দাগ মুছে গেছে, আমাদের কপালে আর কালো দাগ নেই। আমরা অবশেষে বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পেরেছি।
বিডিআর বিদ্রোহের বিচারে সময় লাগার কারণগুলো উল্লেখ করে মন্ত্রী বলেন, এভাবে নৃশংস ও হৃদয়বিদারক ঘটনা ঘটবে, আমরা কল্পনাও করিনি। কতিপয় বিপথগামী বিডিআর সদস্য এ ঘটনা ঘটিয়েছে। যথার্থ বিচারকার্যের মাধ্যমে একটি বিচার শেষ হয়েছে। আর একটি চলমান রয়েছে।
তিনি বলেন, বিচারকার্যে দীর্ঘসূত্রিতার কারণে সময় লেগেছে। আমাদের সবকিছু উপাদান সংগ্রহ করতে একটু সময় লেগেছে। এ ছাড়া সাক্ষী জোগাড় করতেও বেশ সময় লেগেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাচ্ছিলাম এই ঘটনার সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার যেন হয়। আর বিচারকরা তাই করেছেন। আর যেই মামলার বিষয়টি চলমান রয়েছে, সেটা খুব শিগগিরই শেষ হবে।
তিনি বলেন, বিচার শেষ হওয়ার পরে আপিল করার একটি সুযোগ থাকে। সেটাও তারা করছেন। আমরা মনে করি এই প্রক্রিয়া শেষ হলে তারা ন্যায়বিচার পাবেন।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। যথাযথ মর্যাদায় শুক্রবার পিলখানা হত্যাকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের ১৩তম শাহাদাতবার্ষিকী পালন হয়েছে।
