নিজস্ব প্রতিবেদক: জীবিকা ও অর্থনীতির কথা চিন্তা করে আজ থেকে পর্যটন গন্তব্যগুলো খোলার সুযোগ দিয়েছে সরকার। স্বাস্থ্যবিধি অনুসরণ করে পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র আসনসংখ্যার ৫০ শতাংশ ব্যবহার করে চালু করতে পারবে। যেকোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারের এ সিদ্ধান্তে করোনা বিপর্যস্ত খাতটি ঘুরে দাঁড়ানোর কিছুটা সুযোগ পাবে। তবে সংক্রমণ যাতে আবার না বেড়ে যায় তার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। একই সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে পর্যটনশিল্পসংশ্লিষ্ট উপখাতগুলো পরিচালনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
