×

পদ্মা সেতুতে বসল শেষ স্ল্যাব, সড়কপথ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: পদ্মা সেতুর রোডওয়ে স্ল্যাব বসানোর কাজ শেষ হয়েছে আজ সকালে। ফলে ৬ দশমিক ১৫ কিলোমিটার পদ্মা সেতুর সড়কপথ পূর্ণাঙ্গ রূপ পেল। এখন শুধু পিচ ঢালাইয়ের কাজ বাকি।

সোমবার সকাল সোয়া ১০টার দিকে সেতুর রোডওয়ের শেষ স্ল্যাব বসানো হয় বলে জানিয়েছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের।

তিনি বলেন, সড়কপথে মোট ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাব বসানো হয়। এতে পদ্মা সেতুর কাজ আরও একধাপ এগিয়ে গেল। এ ছাড়া সেতুর মাঝখান দিয়ে গ্যাসলাইন বসানোর কাজ শুরু হয়েছে। একইসঙ্গে শেষ হতে চলছে রেললাইনের কাজও। আগামী বছরের জুনের আগেই সম্পূর্ণ কাজ শেষ করা হবে।

প্রকৌশলী সূত্রে জানা যায়, রোববার পর্যন্ত সেতুর ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে বসানো হয়েছিল ২ হাজার ৯১৪টি। রাত থেকে বাকি তিনটি স্ল্যাব বসানোর কাজ চলছিল। রাতে দুটি ও বাকি থাকা একটি স্ল্যাব সকাল ১০টা ১২ মিনিটে বসানো হয়।