×

তৃণমূলের জয়কে বাংলার জয় বললেন মমতা

আর্ন্তজাতিক ডেস্ক : ‘ বাংলার জয়। এবার আমাদের প্রথম কাজ হবে করোনা মোকাবিলা করা।’ পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে বিপুল ভোটে তৃণমূলের জয়ের পর আজ রোববার সন্ধ্যায় দলটির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন।

মমতা আজ সন্ধ্যায় তাঁর কালীঘাটের দপ্তরে বলেছেন, এই জয়ের জন্য তিনি প্রথমেই অভিনন্দন জানান রাজ্যবাসীকে। তাদের আশীর্বাদেই তৃণমূল এবার বিপুল ভোটে জয়ী হয়েছে। এ জয় বাংলার জয়, বাংলার মানুষের জয়। এই জয় ভারতবর্ষের মানুষকে বাঁচিয়ে দিয়েছে। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল ২২১ আসনে জয়ের। আমরা এখন জয়ের পথে ২১৫টি আসনে।’

মমতা বলেন, ‘এবার সত্যিই খেলা হয়েছে। আর সেই খেলায় আমরা জিতেছি। তাই আমি গ্রামের বিভিন্ন ক্লাবকে ৫০ হাজার ফুটবল উপহার দেব। কেন্দ্রীয় সরকারের কাছে বিনা মূল্যে ভ্যাকসিন চাইব। না দিলে আন্দোলনে নামব।’ তিনি বলেন, ‘করোনার কারণে এখন বিজয় উৎসব নয়। করোনা গেলে আমরা কলকাতার ব্রিগেডে বিজয় উৎসব করব।’