নিজস্ব প্রতিবেদক, ঢাকা: করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বুধবার (১৮ আগস্ট) বিকাল ৪টা ১০ মিনিটে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে তিনি টিকা নেন। গতবারের মতো আজও খালেদা জিয়াকে গাড়িতে বসিয়েই বিশেষ সুবিধায় টিকা দেয়া হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান প্রমুখ।
শায়রুল কবির খান জানান, বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে টিকা নেওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয় বেগম খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি। বিকেল ৪টার দিকে সেটি হাসপাতালের সামনে পৌঁছায়।
খালেদা জিয়ার গাড়ির সামনে-পেছনে তার নিজস্ব নিরাপত্তা বাহিনী সিএসএফ সদস্যদের গাড়ি ছাড়াও পুলিশের গাড়ি ছিল।
এর আগে, গত ১৯ জুলাই এই হাসপাতালে আমেরিকার তৈরি মডার্নার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন বেগম খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসন গত ১০ এপ্রিল করোনায় আক্রান্ত হন। এরপর ২৭ এপ্রিল তাকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৫৪ দিন পর ১৯ জুন তিনি হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফেরেন।
