নিজস্ব প্রতিবেদক,ঢাকা: ভ্যাকসিনের আন্তর্জাতিক অ্যালায়েন্স কোভ্যাক্স সুবিধায় আরও ১৭ লাখ ডোজ চীনের সিনোফার্মের টিকা আজ দেশে পৌঁছেছে। আজ সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের বিমান বন্দরের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টিকার এই চালান বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বলে জানান তিনি।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের টিকাদান কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ডা. মওলা বক্স চৌধুরী আজ মানবজমিনকে জানান, আগামীকাল ১১ই আগস্ট কোভ্যাক্স সুবিধায় আরও ১৭ লাখ ডোজ চীনের সিনোফার্মের টিকা দেশে আসবে। এরপর ১২ই আগস্ট একই সুবিধায় ৬১ হাজার ২০০ ডোজ চীনের সিনোফার্মের টিকা, ১৩ই আগস্ট ১০ লাখ ডোজ চীনের সিনোফার্মের টিকা উপহার হিসেবে বাংলাদেশে আসবে। এছাড়াও আগামী ১৪ই আগস্ট কেনা ১০ লাখ ডোজ চীনের সিনোফার্মের টিকা দেশে আসার কথা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
