×

‘গোল্ডেন মনিরের’ রিমান্ড চাইবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : রাজধানীতে র‌্যাবের অভিযানে মাদক, অস্ত্র ও কোটি টাকাসহ গ্রেপ্তার মনির হোসেন ওরফে ‘গোল্ডেন মনিরের’ বিরুদ্ধে বাড্ডা থানায় তিনটি মামলা হয়েছে । আজ রোববার সকালে মনিরকে থানায় হস্তান্তর করে র‌্যাবের পক্ষ থেকে মামলাগুলো দায়ের করা হয়। বাড্ডা থানার ওসি জানান, মামলাগুলো করা হয়েছে মাদক, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে। পুলিশ জানিয়েছে, মনিরকে আদালতে তুলে প্রতিটি মামলায় সাত দিন করে রিমান্ড চাওয়া হবে। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত মেরুল বাড্ডায় মনিরের বাসায় ওই অভিযান চালায় র‌্যাব-৩।

গ্রেপ্তার অভিযানে ‘গোল্ডেন মনির’ নামে পরিচিত স্বর্ণ ব্যবসায়ী মনির হোসেনের বাড়ি থেকে নগদ ১ কোটি ৯ লাখ টাকা, চার লিটার মদ, ৮ কেজি স্বর্ণ, একটি বিদিশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তবে, গোল্ডেন মনির’ নামে পরিচিত এই ব্যক্তি সোনা ব্যবসায়ী হিসেবে পরিচিত হলেও তিনি স্বর্ণ ব্যবসায়ী নন বাংলাদেশ জুয়েলার্স সমিতি সূত্রে জানা গেছে। আর র‌্যাব বলেছে, ব্যবসা নয়, কার্যত সোনা চোরাচালানই ছিল মনিরের কারবার। পরে তিনি জমির ব্যবসা শুরু করেন।

গামছা বিক্রেতা থেকে জমির ব্যবসার ‘মাফিয়া’ হয়ে ওঠা মনিরের বিপুল অর্থ-বিত্তের মালিক হওয়ার বিষয়টিও ওই অভিযানের পর সামনে আসছে। তার বাড়িতে পাঁচটি গাড়ি পাওয়া গেছে, যার মধ্যে তিনটি গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় সেগুলো জব্দ করা হয়েছে।

বাড্ডা, নিকেতন, কেরানীগঞ্জ, উত্তরা, নিকুঞ্জে দুইশর বেশি প্লট রয়েছে মনিরের। সব মিলিয়ে তার ১ হাজার ৫০ কোটি টাকার বেশি সম্পদ থাকার তথ্য পাওয়ার কথা জানিয়েছেন র‌্যাব কর্মকর্তারা।