নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর মহানগরের টঙ্গীতে ৩ দিনব্যাপী জাতীয় লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলা ২০২১ শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি প্রধান অতিথি হিসেবে টঙ্গী সরকারি কলেজ মাঠে আয়োজিত মেলা উদ্ভোধন করেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং প্রডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল এবং শিল্প মালিক সমিতি এই মেলার আয়োজন করেছে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, লাইট ইঞ্জিনিয়ারিং বর্ষ ঘোষণা করা হয়েছে। লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের উন্নয়নের জন্য সরকার চেষ্টা করছে। আগামী কয়েক বছরের মধ্যেই সরকারের প্রত্যাসা লাইট ইঞ্জিনিয়ারিং এর প্রতিটি আইটেমের উৎপাদন দুই বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।
তিনি আরো বলেন, লাইট ইঞ্জিনিয়ারিং জাতীয় প্রডাক্টে বাংলাদেশ অভুতপূর্ব উন্নতি করেছে। ভবিষ্যতে আরো উন্নয়নের সুযোগ রয়েছে। সেজন্য শিল্প মন্ত্রী মহোদয়ের সাথে আলোচনা করে গাজীপুরে একটি লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প পার্ক স্থাপনের উদ্যোগ নেয়া হবে। আমরা আপনাদের প্রয়োজনীয়তা জানি ও বুঝি। সেভাবে আপনাদের সহযোগীতা করা হবে।
প্রধান অতিথির বক্তব্য শেষে বাণিজ্যমন্ত্রী মেলার উদ্ভোধন করেন। পরে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। ১১, ১২ ও ১৩ মার্চ সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলা চলবে।
বাংলাদেশ শিল্প মালিক সমিতি গাজীপুর শাখার সভাপতি মোঃ মনির হোসেন নিজামীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি আব্দুর রাজ্জাক, গাজীপুর মহানগর যুবলীগ নেতা মোঃ বিল্লাল হোসেন মোল্লা, লাইট ইঞ্জিনিয়ারিং মালিক সমিতি গাজীপুর শাখার সা. সম্পাদক এম এ ওয়াদুদ খান, টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন।
গাজীপুরে ৩ দিনব্যাপী জাতীয় লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলা শুরু
