নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গাজীপুরে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। ডাঃ আশীষ কুমার বণিক (৪২) নামে এই চিকিৎসক শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হিসেবে দায়িত্বরত ছিলেন।
রবিবার (২৫ এপ্রিল) রাতে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পারভেজ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিহত ডা. আশীষ কুমারের গ্রামের বাড়ি টাঙ্গাইল সদরে। তিনি রাজাধানীর উত্তরায় পরিবার নিয়ে বসবাস করতেন। তার পরিবারে বৃদ্ধ পিতা, স্ত্রী ও ৭ বছরের কন্যা সন্তান রয়েছে।
পারভেজ হোসেন জানান, শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্ব পালনকালে করোনায় আক্রান্ত এক মহিলার সংস্পর্শে আসেন ডা. আশীষ কুমার বণিক। এরপর জ্বর ও করোনার উপসর্গ দেখা দিলে করোনার নমুনা পরিক্ষা করান তিনি। গত ১০ এপ্রিল তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। এরপর শ্বাসকষ্ট নিয়ে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি হন। অক্সিজেন সিচুরেশন কমে গেলে তাকে ওই হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। তার মরদেহ টাঙ্গাইল সদরে পারিবারিক কবস্থানে দাফন করা হয়েছে।
এদিকে তাঁর মৃত্যুতে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের চিকিৎসকসহ কর্মকর্তা-কর্মচারীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএমএ গাজীপুর শাখার নেতৃবৃন্দ।
