নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৫ জনের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলা করা হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) বিকালে জিএমপি কাশিমপুর থানায় কেইসি কারখানার ব্যবস্থাপক মো. ইমতিয়াজ বাদি হয়ে মামলা করেছেন। মামলা নম্বর ৪।
কাশিমপুর থানার উপ পরিদর্শক (এসআই) দীপংকর রায় মুঠোফোনে মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় গাজীপুর সিটির ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মন্তাজ উদ্দিন মন্ডল, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্লাহ, আওয়ামী লীগ নেতা আব্দুল গনি, আবুল কাশেমসহ মোট ২৫ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলার আসামি আছিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
কেইসি কারখানার এমডি মোঃ ফারুক আহমেদ জানান, কাউন্সিলরের নেতৃত্বে ওইসব ব্যক্তিরা ২ বছর যাবৎ বিভিন্নভাবে চাঁদা দাবি করে আসছিলো। বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করলেও কাউন্সিলর ও তার লোকজন নিয়মিত হুমকি ধামকি দিয়েছে। সবশেষ ঈদ উপলক্ষে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। দিতে অস্বীকার করায় একপর্যায়ে কারখানায় শ্রমিক ও কর্মকর্তাদের মারধর করে। চাঁদা না দিলে কারখানার আরও বড় ধরনের ক্ষতি সাধনের হুমকি প্রদান করে।
মারধরের প্রতিবাদে কারখানার শ্রমিকরা গত ৩ ও ৪ মে ঢাকা ইপিজেড সড়ক অবরোধ করে। কারখানা ও তার শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে মামলা রুজু করা হয়েছে।
জিসিসির কাউন্সিলর মন্তাজ উদ্দিন মন্ডল চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করে মুঠোফোনে বলেন, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই ষড়যন্ত্রমূলকভাবে এই মামলা করা হয়েছে।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব এ খোদা মুঠোফোনে বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলাটি চলবে। অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
