নিজস্ব প্রতিবেদক, ঢাকা : জমে উঠেছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চর্তু্মূখী তদবির চলছে। তবে তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীরা বর্তমান ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণেকেই প্রার্থী হিসেবে পেতে চাইছে। প্রথম কারণ গাজীপুরের অবিসংবাদিত নেতা শহীদ আহসান উল্লাহ মাষ্টার পরিবারের অকুণ্ঠ সমর্থন রয়েছে তার উপর। তাছাড়া ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে নেতা কর্মীদের সাথে তার ভালো সম্পর্ক সৃষ্টি হয়েছে।
সিটি নির্বাচন ঘিরে টঙ্গী আওয়ামী লীগ কার্যালয় দিনের বেশিরভাগ সময় সরগরম কে হচ্ছেন নৌকার মাঝি এই আলোচনায়। সেখানে কথা হয় একজন বর্ষীয়ান নেতার সাথে, নাম প্রকাশে অনিচ্ছুক তিনি জানান, কিরণই গাজীপুর সিটি কর্পোরেশন চালানোর উপযুক্ত মানুষ। রাজনৈতিকভাবে তার কোন উচ্চাকাঙ্খা নেই। সিটি করপোরেশন নিয়ে সে থাকলেই ভালো। তার যুক্তি সামনে জাতীয় নির্বাচনে দলের সিনিয়র নেতৃবৃন্দের দায়িত্ব সেই নির্বাচনে বেশি সময় দেওয়া।
৪৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী মো. বকুল জানান, ভারপ্রাপ্ত মেয়র হিসেবে কিরণের কাছে খুব সহজেই নিজেদের কথা বলা যায়। তাই যদি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মেয়র প্রার্থী হিসেবে তাকে দেয় খুব সহজেই বিজয়ী হবে নৌকা।
গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ডের একজন যুবলীগ নেতার ভাষ্য, আসাদুর রহমান কিরণ দুইবার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছে। তার কাছে বাড়ি বা দোকান পাটের হোল্ডিং ট্যাক্স নিয়ে গেলে সহজেই সমাধান পাওয়া গেছে।
গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় ৫৭টির ৩৮টি ওয়ার্ডই গাজীপুর-১ সংসদীয় আসনের আওতাভুক্ত। তাছাড়া একসময় কাশিমপুরও এই আসনে ছিলো। যে কারণে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এলাকা হিসেবে সব আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের প্রিয় এমপির পছন্দের মানুষকে সমর্থন করবে এটাই স্বাভাবিক। কিরণ ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালনের সুযোগে সব ধরণের সভা সমাবেশ বা দলীয় অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রীকে গুরুত্ব সহকারে সর্ব্বোচ্চ সম্মান দিয়েছেন। তাছাড়া প্রতিমন্ত্রী সবসময় ভারপ্রাপ্ত মেয়রের ডাকে সাড়া দিয়েছেন। গাজীপুর আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দ নিঃশর্তভাবে ক্রীড়া প্রতিমন্ত্রীর মো. জাহিদ আহসান রাসেলের প্রতি অনুগত। সৎ কর্মী বান্ধব জাহিদ আহসান রাসেল পিতার পদাঙ্ক অনুস্মরণ করে বর্তমানে গাজীপুরের সবচেয়ে জনপ্রিয় নেতা। গাজীপুর মহানগরে সরকারি বা দলীয় সব কর্মকাণ্ডে ক্রীড়া প্রতিমন্ত্রী তার পাশে ভারপ্রাপ্ত মেয়র কিরণকে রেখেছেন। বিষয়টি নেতাকর্মীদের দৃষ্টিতে পজিটিভ হিসেবে ধরা দিয়েছে। তাই দলীয় মনোনয়নের প্রসঙ্গ আসায় তাদের পছন্দ কিরণ।
তবে ক্রীড়া প্রতিমন্ত্রী এ বিষয়ে দলের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সিদ্ধান্তের উপরই আস্থাশীল। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর পূর্ণ আস্থা আছে তিনি যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিবেন।
