নিজস্ব প্রতিবেদক, ঢাকা: করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে মারা গেছেন আরও ১২০ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ১৪৩ জনে। আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৯৯১ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জনে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৬৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৫৫ হাজার ৪২১ জন। ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৮৮২ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৭১ শতাংশ।
এর আগে গতকাল শুক্রবার করোনায় আক্রান্ত হয়ে ১৪৫ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ৫ হাজার ৯৯৩ জনের দেহে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪০ জন, খুলনা বিভাগে ১৫ জন, চট্টগ্রামে ২৭ জন, রংপুরে ৭ জন, বরিশালে ৩ জন, সিলেটে ১৩ জন, রাজশাহীতে ৯ জন এবং ময়মনসিংহে ৬ জন মারা গেছেন।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন আরও ১০ হাজার ২০৫ জন এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৮২ হাজার ২০২ জন।
এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৪৪ লাখ ২৭ হাজার ৭৬৭ জন এবং আক্রান্ত হয়েছেন ২১ কোটি ১৫ লাখ ৫৩ হাজার ৫৩৭ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ কোটি ৯২ লাখ ৯৯ হাজার ৪৩৪ জন।
