আর্ন্তজাতিক ডেস্ক: ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ হামলার শিকার হয়েছে। ধবার স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে এ হামলা হয়। হামলায় গোলার আঘাতে জাহাজে আগুন ধরে যায়। এসময় একজন নিহত হয়েছেন। নিহত প্রকৌশলী হাদিসুর রহমান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ওই জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার।
জাহাজের বাকি ২৮ জন অক্ষত আছেন বলে জানা গেছে। আগুন নেভানো হয়েছে।
বরগুনার বেতাগী উপজেলার বাসিন্দা মেরিন ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান আরিফের মৃত্যুতে পরিবারে চলছে আহাজারি, শোকের মাতমে দিশেহারা পরিবার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তান হাদিসকে হারিয়ে বাবা বাকরুদ্ধ ও মা বেহুঁশ।
জানা যায়, ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী ছিরেন হাদিস। এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন জিপিএ পাওয়া আরিফ চট্টগ্রাম মেরিন একাডেমির ৪৭তম ব্যাচের ছাত্র ছিলেন,লেখাপড়া শেষ করে তিনি এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি নেন।
