নিজস্ব প্রতিবেদক : নিন্ম ও মধ্যবিত্তের কথা মাথায় রেখে আসন্ন রমজানে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে কম দামে দুধ, ডিম, ও মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। তবে গত বছরের রোজার তুলনায় এবার বাড়তি দামে বিক্রি হবে এসব পণ্য।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এ কার্যক্রমের উদ্বোধন করবেন। রাজধানীর ২০টি স্থানে ১ রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত চলবে এ কার্যক্রম।
রমজান মাসে জনসাধারণ যেন সহজেই প্রাণিজ আমিষ ও পুষ্টির চাহিদা মেটাতে পারে সে লক্ষ্যে ব্যবসায়ী, উৎপাদনকারী ও সাপ্লাই চেইন সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাণিসম্পদ অধিদপ্তর মাংস, দুধ ও ডিমের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে এ ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম বাস্তবায়ন করবে।
এ কার্যক্রমে গরুর মাংস প্রতি কেজি ৬৪০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৯৪০ টাকা, ড্রেসড ব্রয়লার প্রতি কেজি ৩৪০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং ডিম প্রতিটি ১০ টাকা মূল্যে বিক্রয় করা হবে।
গত রোজায় গরুর মাংস প্রতি কেজি ৫৫০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৮০০ টাকা, ড্রেসড ব্রয়লার মাংস প্রতি কেজি ২০০ টাকা, পাস্তুরিত তরল দুধ প্রতি লিটার ৬০ টাকা এবং ডিম প্রতি হালি ৩০ টাকায় বিক্রি করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর।
জানা গেছে, মূলত বেসরকারি খাতের ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করে এসব পণ্য বিক্রি করা হয়। ফলে বাজারের দামের তুলনায় খুব বেশি তারতম্য রাখা সম্ভব হয় না। তাই বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই গতবারের তুলনায় বেশি দামেই এবার এসব পণ্য বিক্রি করতে হচ্ছে।
এ বিষয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক প্রশাসন ডা. মোহাম্মদ রেয়াজুল হক বলেন, আগের বছরগুলোতেও ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের ব্যাপক সুফল মানুষ পেয়েছে। এবছরও এ কার্যক্রম অব্যাহত থাকবে। তবে দাম পরিবর্তন হবে। বাজারের তুলনায় দাম সুলভ থাকবে, কিন্তু বর্তমান বাজার অনুযায়ী একটু পরিবর্তন হবে।
রাজধানীতে যে সব স্থানে পাওয়া যাবে
রাজধানীতে সচিবালয় সংলগ্ন আব্দুল গণি রোড, খামারবাড়ি, মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি, মিরপুর ৬০ ফিট রাস্তা, আজিমপুর মাতৃসদন, পুরান ঢাকার নয়াবাজার, আরামবাগ, নতুন বাজার, মিরপুরের কালশী, খিলগাঁও রেলগেট, নাখালপাড়ার লুকাস মোড়, সেগুনবাগিচা কাঁচাবাজার, মোহাম্মদপুরের বসিলা, উত্তরার দিয়াবাড়ি, যাত্রাবাড়ি, গাবতলী, হাজারীবাগ, বনানীর কড়াইল বস্তি, কামরাঙ্গীরচর এবং রামপুরায় এ বিক্রয় কার্যক্রম চালু থাকবে।
