স্টাফ রির্পোটার, মানিকগঞ্জ : পদ্মা পাড়ে মানিকগঞ্জের পাটুরিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ হতে যাচ্ছে।
আজ শনিবার বিকেলে স্টেডিয়াম নির্মাণের জন্য জায়গা পরিদর্শনে যেয়ে এ কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।
প্রতিমন্ত্রী জাহিদ আহসান জানান, স্টেডিয়াম নির্মাণের বিষয়টি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পভুক্ত। এ ধরনের স্টেডিয়াম নির্মাণের আগে অনেক রকম সমীক্ষা চালাতে হয়। সমীক্ষার জন্য তিন থেকে ছয় মাস সময় লাগতে পারে। তবে চলতি অর্থ বছরের মধ্যেই এটি নির্মাণের আনুষ্ঠানিক কাজ শুরুর হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের ক্রীড়াঙ্গনের অবকাঠামো উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে যা যা করণীয় তা সর্বোচ্চ গুরুত্ব দিয়েই করা হবে।
‘পদ্মা পাড়ের প্রাকৃতিক নৈসর্গ ও মনোরম পরিবেশ দেখে সংসদীয় কমিটির সদস্যদের স্থানটি পছন্দ হয়েছে বলে জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
স্টেডিয়াম নির্মাণের জায়গা পরিদর্শনকালে মানিকগঞ্জ-১ আসনের সাংসদ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয়, সাংসদ জাকিয়া তাবাসুম, জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান এবং জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
