×

ড্রয়ের পথে পাল্লেকেলে টেস্ট

ম্পোর্টস ডেস্ক: রান উৎসবের পাল্লায় ড্রয়ের পথে হাঁটছে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার পাল্লেকেলে টেস্ট। শনিবার ম্যাচের চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ তিন উইকেটে ৫১২ রান। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল সাত উইকেটে ৫৪১ রান (ডিক্লিয়ার)। এখনো ২৯ রানে এগিয়ে বাংলাদেশ।

রোববার ম্যাচের শেষ দিন। ম্যাচের ফল যেন সবার জানা হয়ে গেছে।

শনিবার সারাটাদিন ব্যাট করেছে শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যান করুনারত্নে ও ধনাঞ্জয়া ডি সিলভা। এই জুটি ভাঙতেই পারেনি বাংলাদেশের বোলাররা। ৩২২ রান করেও এই জুটি এখনো অবিচ্ছন্ন, বল খেলেছে ৫২৪।

তৃতীয় দিনে করুনারত্নে ৮৫ ও ধনাঞ্জয়া ২৬ রানে অপরাজিত ছিলেন। চতুর্থ দিন শেষেও তারা দুজন অপরাজিত। দুজনের নামের পাশেই সেঞ্চুরি। লঙ্কান অধিনায়ক করুনারত্নেতো ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত আছেন ২৩৪ রানে। বল খরচ করেছেন ৪১৯। চার হাঁকিয়েছেন ২৫টি। টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি এটি করুনার।

অন্যদিকে ১৫৪ রানে অপরাজিত আছেন ধনাঞ্জয়া ডি সিলভা। ২৭৮ বলের ইনিংসে তিনি হাঁকান ২০টি চার। টেস্ট ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরি ধনাঞ্জয়ার।

টেস্ট ক্যারিয়ারে এর আগে চারবার দেড় শ’ ছুঁয়ে ডাবল সেঞ্চুরির স্বাদ পাননি করুনারত্নে। ২০১৭ সালে পাকিস্তানের বিপক্ষে দুবাই টেস্টে আউট হয়েছিলেন ১৯৬ রান করে। পরের বছর গলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫৮ রানে অপরাজিত থাকতে হয়েছিল সঙ্গীর অভাবে। একই মাঠে ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিলেন ১৮৬, এর আগের বছর নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চে ১৫২।

শ্রীলঙ্কান অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরির স্বাদ পাওয়া চতুর্থ ব্যাটসম্যান করুনারত্নে। মাহেলা জয়াবর্ধনে তিনবার এই কীর্তি গড়েছেন নেতৃত্বের ম্যাচে, একবার করে মারভান আতাপাত্তু ও কুমার সাঙ্গাকারা।

বাংলাদেশের বিপক্ষে এটি ২৮তম ডাবল সেঞ্চুরি, সবচেয়ে বেশি ৭টি করেছেন লঙ্কান ব্যাটসম্যানরাই। সাঙ্গাকারা একাই করেছেন তিনটি।